রাজধানীতে বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম মো: রিয়াজ (৩৮)। তিনি সিএনজি চালক এবং ঘটনাটি ট্রাক এবং সিএনজির সংঘর্ষে ঘটে।
নিহত রিয়াজ ভোলা সদরের কবির হোসেনের ছেলে। বর্তমানে তিনি গুলশান থানা এলাকায় থাকতেন। আজ সোমবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শ্রী দাম জানান, সোমবার ভোর ৪ টার দিকে রুপায়ন টাওয়ারের সামনে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংর্ঘষ হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যাওয়া হয়।
সেখানে ভোর সোয়া ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান এসআই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে জানান, রিয়াজের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেড





