বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভেড়ামারা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ১২ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়।
এতে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।
দুর্ঘটনায় সিএনজি চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। তাদের মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করেছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা করা হবে।
এস





