রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

এছাড়া, প্রো-ভিসি হিসেবে কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী এবং ট্রেজারার পদে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ নিয়োগ পেয়েছেন।

রোববার বিকাল ৫ টায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাদের এ নিয়োগ দেন।

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় জন্ম নেয়া ড. কামাল উদ্দিন আহাম্মদ ১৯৮১ সনে তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট (বর্তমান শেকৃবি) এগ্রিকালচারাল বোটানি বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি ১৯৭৯ সালে বি.এসসি.এজি (অনার্স) ও ১৯৮২ সালে এম.এসসি ডিগ্রী লাভ করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে ১৯৮৭ সালে এম.ফিল ও ২০০৭ সালে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়ে ও গবেষণা প্রতিষ্ঠানে পরীক্ষক, ভিজিটিং শিক্ষক, শিক্ষক ও বিজ্ঞানী নিয়োগ বোর্ড সদস্যসহ নানাবিধ একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে জড়িত রয়েছেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ৩৪টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানের জন্য বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কর্তৃক অমর একুশে ২০১২ পদক প্রাপ্ত হয়েছেন। এছাড়াও তিনি সরাসরি অংশ নিয়েছিলেন ১৯৬৯ সনে গণ আন্দোলন এবং ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ভিসি ড. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় মূলত জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ, নতুন জ্ঞানের অনুসন্ধান ও জ্ঞান সৃষ্টির তীর্থস্থান। এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এম এ