শীঘ্রই হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটি, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয়।
বাংলাদেশ ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। নানা আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের পাশে দাড়িয়েছেন সুপার ইউনিট খ্যাত জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সম্মেলনের প্রায় সাড়ে চার মাস হয়ে গেলেও এখনো নতুন কমিটির দেখা পায় নি এই শাখার নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে কমিটি না থাকায় স্থবির হয়ে পড়েছে শাখাটির কার্যক্রম।
বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী দায়িত্বে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের অবস্থানের জানান দিতেন জবি শাখার পদ প্রত্যাশী নেতারা। তবে তাদের পদত্যাগের পর ক্যাম্পাসে ও পদ প্রত্যাশী নেতাদের তেমন উপস্থিতি খেয়াল করা যায় না।
এরপর বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য দায়িত্বে আসার পর তাদের নজরে আসার জন্য রাত দিন পরিশ্রম করছেন পদ প্রত্যাশী নেতারা। তবে দীর্ঘ সময় ধরে কমিটি না হওয়ায় হতাশা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে।
শাখা ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে যাচাই-বাছাই করে ক্লিন ইমেজ ও শিক্ষার্থীবান্ধব নেতাদের হাতে যেন নেতৃত্ব দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, যেহেতু সম্মেলন হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছি দ্রুত কমিটি দিয়ে দেওয়ার জন্য। নির্দিষ্ট করে সময় বলা না গেলেও দ্রুতই হবে জবি শাখা ছাত্রলীগের কমিটি।
কি প্রক্রিয়ায় কমিটি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাচাই বাছাই এর মাধ্যমে আমরা একটি ঝামেলামুক্ত কমিটি দিতে চাই দ্রুত সময়ের মধ্যে।
ভাইটাল পোস্টে আসার জন্য দৌড়ঝাপ করছেন অনেকেই।তাদের মধ্যে রয়েছেন সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, জামাল উদ্দীন, সৈয়দ শাকিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, হোসনে মোবারক রিসাত, তারেক আজীজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজী, আসাদুজ্জামান আসাদ, আক্তার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ, সাবেক সহ সম্পাদক (শরীফ-সিরাজ কমিটি) খালিদ হোসেন সহ অনেকে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। এরপর গত ২০ জুলাই প্রায় সাড়ে চার মাস পূর্বে অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন।
সোহেল/এমবি





