দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন অর্থী ঘোষ।
আজ শনিবার (০৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থী ঘোষ রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি এমবিবিএস ভর্তি পরীক্ষার (২০২২-২৩ সেশন) ফলাফলে জাতীয় মেধায় ১১৬তম স্থান অর্জন করেছিলেন।
গত ৫ মে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দ, কোটা অনুযায়ী ৫৪০ জন পরীক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ এই নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
এবিএস





