শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য একটি বিকল্প প্রস্তাব তৈরী করছি। এজন্য কোন না কোন পথ আমরা বের করবো। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আজ শনিবার শিক্ষামন্ত্রী একথা বলেন। সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করে বাজেট আলোচনা শুরু হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সব এমপিদের একটি দাবি, একটি কথা- এমপিওভুক্ত করতে হবে। আমরা বুঝি এটা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের সমস্যা হলেও এটার সমাধান বের করতে হবে। এজন্য বিকল্প প্রস্তাব আমরা তৈরী করছি। কোনো না কোনো পথ আমরা বের করবো এতে কোনো সন্দেহ নেই। অর্থমন্ত্রী এ ব্যাপারে মত দিয়েছেন। প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে। আমি সংসদ সদস্যদের দাবির প্রতি শ্রদ্ধাশীল। আমিও একজন সংসদ সদস্য। সুতবাং এ পথে একটি সমাধান বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করি।

শিক্ষানীতি ২০১০-এর কেউ বিরোধিতা করেনি

শিক্ষানীতি ২০১০-এর কেউ বিরোধিতা করেনি দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আধুনিক জাতি গঠনের জন্য ২০১০ সালে শিক্ষানীতি প্রানয়ন করেছি। এই শিক্ষানীতি প্রণয়নের সময় সবার মতামত নিয়েছি। সবাই একমত হয়েছেন। কেউ বিরোধিতা করেননি। আমাদের দেশে কোনো বিষয়ে সবাই একমত হতে পারে না। কিন্তু শিক্ষানীতিতে সবাই একমত পোষণ করেছে। এই শিক্ষানীতি সংসদে আলোচনা হয়েছে, পাস হয়েছে।

তিনি বলেন, শিক্ষার যে লক্ষ্য নির্ধারণ করেছি সেটা হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলবো। বিশ্বমানের শিক্ষা চাই, জ্ঞান প্রযুক্তি চাই। সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধুৃ জ্ঞান প্রযুক্তি দিয়ে মাথা ভারী করলেই শুধু চলবে না, ভালো মানুষও তৈরী করতে হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, আজকে প্রযুক্তি জ্ঞান অর্জন করে ব্যাংকের রিজার্ভ চুরি করলো। এ থেকে বুঝা যায় শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞান চুরির কাজেও লাগাতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, সাইফুর’স নামে একজন কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তিনি একজন শিক্ষক হয়ে বলেছেন, হ্যাকার হতে হলেও ভালো ইংরেজী জানতে হবে। কিভাবে তিনি একথা বলতে পারেন। দুদককে ধন্যবাদ যে, তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, দুদক তার প্রতি সমন জারি করেছে।

তিনি বলেন, আমরা মান সম্পন্ন শিক্ষা দিচ্ছি। তবে আজকে শিক্ষার যে মান দরকার সেটা চাইলেই আমরা পারি না। সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। শিক্ষার জন্য দরকার ভালো শিক্ষক। এজন্য আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি। ইসলামী শিক্ষাকে আরো উন্নত আরো জোরদার করেছি। ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন করে আলেমদের শত বছরের দাবি পূরণ করেছি। মাদরাসার শিক্ষার সাথে আধুনিক শিক্ষা যুক্ত করে দিয়েছি।

এমআর