পদ্মা সেতুর উদ্বোধনের দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে এই বন্ধের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুন) বুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের দাবি, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস সেদিন বন্ধ থাকবে।
গত ১৮ জুন শিক্ষার্থীরা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ক্লাস কার্যক্রম বন্ধ রাখতে আবেদন দেয়। আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বুয়েট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর। এরই মধ্যে আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এমআর





