উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সম্ভাব্য যা যা করার দরকার, সরকারের পক্ষ থেকে তার সব ব্যবস্থাই করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ সোমবার পরীক্ষা শুরুর প্রথম দিন সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী আরো আশা করেন, এবার প্রশ্নপত্র ফাঁস হবে না। সব পরীক্ষা সুষ্ঠুভাবে সমাপ্ত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়। কিন্তু সেটা গোড়ায় গিয়ে দেখা উচিত, তা সত্য না মিথ্যা। এতোকিছুর পরেও কেউ প্রশ্ন ফাঁস করলে তিনিই দায়ী থাকবেন এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা প্রশ্নপত্র ফাঁসের বিজ্ঞাপন দেয়ার বিষয়ে মন্ত্রী জানান, এমন খবর পেলে তা সঙ্গে সঙ্গে বিটিআরসিকে জানিয়ে দেয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা রাজধানীর বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় মন্ত্রীর উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেট খোলেন ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ও কলেজটির অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতার। কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহাবুবুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রমুখ।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এবার ১০ বোর্ডে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২ হাজার ৫৪১টি কেন্দ্রে চলা এই পরীক্ষা শেষ হবে আগামী ১৪ মে।
এএস





