ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আসন্ন ভর্তি পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন হয়েছে। শুক্রবার রাত ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, অনুষদ ভবন ও বিজ্ঞান অনুষদে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে এবং তা চালু করে দেওয়া হয়েছে।

প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান জানান, আগামী রোববার থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে ভিসি স্যারের নির্দেশে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। তা ছাড়া ডিজিটাল জালিয়াতি রোধে ইতিমধ্যে মেটাল ডিটেক্টর ক্রয় করা হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী রোববার থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত চলবে।

এসএইচ