চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল,শাহ আমানত ও সোহরাওয়ার্দী হল খুলে দিয়ে বৈধ ছাত্রদের হলে তোলার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

দাবি আদায়ে সাধারণ ছাত্রদের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্র আন্দোলন পরিষদ।

দুপুরে মিছিলটি চট্টগ্রাম নগরীর শুলকবহর থেকে মুরাদপুর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হল সমস্যার সমাধানের কোন উদ্যোগ গ্রহন না করায় আবাসিক ছাত্রদের স্বার্থ সংরক্ষণে ১৯ অক্টোবর রোববার থেকে লাগাতার “সর্বাত্মক অবরোধ“ কর্মসূচি চলছে।

অবিলম্বে যদি হলগুলো খুলে দিয়ে আবাসিক ছাত্রদেরকে হলে তোলার এই যৌক্তিক দাবি মেনে নেয়া না হয় তাহলে আগামী ২৫ তারিখ থেকে বৃহত্তর চট্টগ্রামে হরতাল দিয়ে বিশ্ববিদ্যালয়সহ গোটা চট্টগ্রামকে অচল করে দেয়া হবে।

আন্দোলনকারীরা বলেন, অবিলম্বে যদি তাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদেরকে হলে ফিরিয়ে না দেয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে কোন একাডেমিক কার্যক্রম চলতে দেয়া হবে না।

তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ দিয়ে বিশ্ববিদ্যালয় চালানোর অপচেষ্টা করছে।

তারা বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পুলিশ দিয়ে পরিচালনা করা সম্ভব নয়।

এআর