রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণীতে ১ম বর্ষে ‘বি’ ‘ডি’ ও ‘এফ’ ইউনিটে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদেরকে নির্ধারিত সময়ের মধ্যে স্ব-স্ব অনুষদ অফিসে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া চারুকলা অনুষদে প্রথম মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে।    
আইন অনুষদভুক্ত ‘বি’ ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তির শেষ তারিখ ২৭ ডিসেম্বর। আর জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তির শেষ সময় আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত। এছাড়া চারুকলা অনুষদে প্রথম মেধা তালিকার ভর্তি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে সক্ষম না হলে তাদের প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে ওই ভর্তি প্রার্থী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আর কোন সুযোগ থাকবে না।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে স্ব-স্ব অনুষদের ডীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
এবছর আইন অনুষভুক্ত ‘বি’ ইউনিটের ২টি বিভাগে মোট ২০০ জন, বিজনেস স্টাডিজ অনুষধভুক্ত ‘ডি’ ইউনিটের ৬টি বিভাগে ৫২০ জন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ৭টি বিভাগে ৪৪৫ জন ও চারুকলা অনুষদভুক্ত ‘আই’ ইউনিটে ৩টি বিভাগে ১২০জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রথম দফা ভর্তি কার্যক্রম শেষে কিছু সংখ্যক শূণ্য আসনে মেধাক্রম অনুযায়ী দ্বিতীয় তালিকা প্রকাশ করা হলো। প্রথম দফায় মৌখিক সাক্ষাতকারে উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে বি ইউনিটে ৩৫ টি, ‘ডি’ ইউনিটে বিজোড়, জোড় ও অ-বাণিজ্য শাখা মিলে মোট ৫৫টি, দুই শতাধিক আসন  ফাঁকা রয়েছে বলে অনুষদ সূত্রে জানা গেছে। দ্বিতীয় দফা ভর্তি কার্যক্রম শেষেও যদি আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আবার মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হবে।
এদিকে চারুকলা অনুষদে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির পর বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের অনুষদ অফিস থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে বলা হয়েছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়র নিজস্ব ওয়েবসাইট http://admission.ru.ac.bd/ I www.ru.ac.bd তে প্রকাশ করা হয়েছে।

এমএ