জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটার ভর্তি কাল (৩ এপ্রিল) থেকে শুরু হবে, চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।
এরপর মেধা তালিকা থেকে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ১০ থেকে ১৩ এপ্রিল অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী ।
এসময় তিনি বলেন, ‘ভর্তির জন্য শিক্ষার্থীকে বাবা-মা’র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র, সরকারি গেজেটের কপি অথবা মুক্তিবার্তার কপি জমা দিতে হবে। এ ছাড়া তাদের ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা জমা দিতে হবে। অঙ্গিকারনামার নমুনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অঙ্গীকারনামা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্ট্যাম্পে প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।’
এছাড়া ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা (সুস্থতার) সার্টিফিকেট সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগ অফিস থেকে সংগৃহীত ভর্তি ফরম, তথ্য ফরম এবং আইটি ফরম যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে সদ্যতোলা ১০ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষাসমূহের মূল নম্বরপত্র, সনদপত্র, শিক্ষপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং অভিভাবকের মাসিক আয়ের সনদপত্রও জমা দিতে হবে। ভর্তির জন্য নির্বাচিতদের নাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে শিক্ষা শাখার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে দেয়া আছে।’
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘যদি কোনো শিক্ষার্থীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধার সনদপত্র যাচাই-বাছাইয়ের পর সনদপত্র ভুয়া বা জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর ভর্তি বাতিল করা হবে।’
এমই





