এস এ গেমস ২০১৯ এ বাংলাদেশের হয়ে কারাতে ইভেন্টে স্বর্ণপদক জয়ী মারজান আক্তার প্রিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষদের শিক্ষার্থীরা ঘোড়ার গাড়ী করে মারজানকে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর চারুকলা অনুষদের সপ্তম তলায় শিক্ষকরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।

তার এই সাফল্যের ব্যাপারে জানতে চাইলে স্বর্ণজয়ী মারজান বলেন, আমি পুরস্কার পাওয়ার পূর্ব পর্যন্ত ভাবিনি আমি এই পুরস্কার অর্জন করবো। পুরস্কার পাওয়ার পর অন্যরকম একটি ভালোলাগা কাজ করছে। আমি সবার কাছে দোয়া চাই যেনো ভবিষ্যৎ এ আরো ভালো কিছু করতে পারি।

চারুকলা অনুষদের পক্ষ থেকে মারজানকে ক্রেস্ট তুলে দেন চেয়ারম্যান আলুপ্তগীন তুষার । তিনি বলেন, মারজান আমাদের বিভাগের অহংকার, তার এই বিশ্ব পর্যায়ে পুরস্কার প্রাপ্তিতে আমরা সবাই আনন্দিত। সে আমাদের বিভাগের ব্র‍্যান্ডিং করেছে বিশ্বপর্যায়ে।

চারুকলা বিভাগের শিক্ষক বজলুর রশিদ খান বলেন, আমরা প্রত্যাশা করছি মারজান ভবিষ্যৎ এ অলিম্পিকেও স্বর্ণজয় করে দেশকে তুলে ধরবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর সাতদাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেন মারজান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে প্রথমবারের মতো পরেন সেরার মুকুট।

সোহেল/এমএম