সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
শিক্ষার্থীরা সোমবার ক্লাস বর্জন ও এনাটমি কার্ড পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান, মিজানুর রহমান তানভির, সব্যসাচী বিশ্বাস ও তৃতীয় বর্ষের ছাত্র আহসান হাবিব প্রমুখ।
তারা বলেন, ২৫০ শয্যার হাসপাতালের নির্মাণাধীন ভবন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি। কলেজ থেকে ছয় কিলোমিটার দূরে সদর হাসপাতালে গিয়ে ব্যবহারিক বিষয়গুলো শিখতে হচ্ছে। সেখানে পরিবহনসহ বিভিন্ন সরঞ্জামাদির অভাব ও আবাসিক মেডিকেল অফিসার দিয়ে ক্লাস নেওয়ায় তাদের লেখাপড়া মারাত্মক ব্যাহত হচ্ছে।
বক্তারা দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল চালু ও পরিবহনসহ বিভিন্ন সরঞ্জামাদির সঙ্কট দূর করে কলেজের ৪০টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান। এ সব দাবি পূরণ না হলে আমরণ অনশনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
রোববার থেকে এ সব দাবিতে ধর্মঘট শুরু করে শিক্ষার্থীরা ।
জেআই





