চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি-৩ ইউনিটের প্রশ্ন জালিয়াতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা।
গত ৩১ অক্টোবর বিকেলে সি-৩ ইউনিটের(বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্ন পত্রেই উত্তর চিহ্নিত ছিল এমন অভিযোগে উঠে। ফলাফল প্রকাশের পর অভিযোগটি আরো স্পষ্ট হয়। ফলে মৌখিক পরীক্ষা স্থগিত করার পর উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
নাম প্রকাশে রাজি না হওয়া শর্তে, সরকারদলীয় শিক্ষক পরিষদের (হলুদ দল) এক শিক্ষক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদগালয়ের প্রশ্ন জালিয়াতি জাতির জন্য একটি লজ্জাজনক বিষয়। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার্থে এ জালিয়াতির সঙ্গে জড়িত সকলের নাম প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
তিনি আরো বলেন, যতটুকু জানি বাণিজ্য অনুষদ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। তবে তার ছেলে সি-৩ ইউনিটের পরীক্ষা দেয়ার কারণে তিনি এ দায়িত্বে ছিলেন না। ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমদ সালাউদ্দিনকে সি-৩ ইইউনিটের প্রধান করেন।
সরকারদলীয় ওই শিক্ষক আরো বলেন, উপাচার্য যেখানে আহমদ সালাউদ্দিনকে দায়িত্ব দিলেন। তিনিই আবার পরবর্তীতে তদন্ত কমিটি করলেন। আমার মনে হয় না এতে করে তদন্তে প্রকৃত দোষীদের নাম বের হয়ে আসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক সমিতির আরো এক প্রভাবশালী শিক্ষক বলেন, আমরা চাই তদন্ত প্রতিবেদন সুষ্ঠু হওয়ার জন্য ইউজিসি থেকেও প্রশ্ন জালিয়াতির বিষয়টি তদন্ত করা হোক।
একই অভিযোগ করেন পরীক্ষার্থী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সি-৩ ইউনিটে অংশ নেয়া সৌরভ বড়ুয়া নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, আমরা চাই সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক এবং পুনরায় পরীক্ষা নিয়ে প্রকৃত মেধাবীদের পড়ার সুযোগ করে দেয়া হোক।
তাদের অভিযোগের ভিত্তিতে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে বিজ্ঞান বিভাগ থেকে সি-৩ ইউনিটের পরীক্ষা দেয়ায় আমি ইউনিটের সভায় শুধু সি-৩ ইউনিটের পরীক্ষায় দায়িত্ব পালনে অপারগতা জানাই। বিষয়টি উপাচার্যকে অবহিত করি। পরে উপাচার্য নিজের পছন্দের অধ্যাপক আহমদ সালাউদ্দিনকে এ দায়িত্ব দেন। এদিকে এসব ব্যাপারে জানতে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে এ প্রতিবেদককে তার অফিসে আসার জন্য বলেন।
মাসুম/জেড





