অনশনরত পাটকল শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ ও শ্রমিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিশা মুনতাজ বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে টালবাহানা করলে সাধারন শিক্ষার্থীরাও কোনো প্রকার ছাড় দেবে না। কোনোরকম অন্যায় মেনে নেয়া হবে না এবং যতদ্রুত সম্ভব শ্রমিকদের দাবী মেনে নিতে হবে।
আক্তারুজ্জামান সিয়াম বলেন, যে পাট আমাদের সোনালী আঁশ সেই পাট আর ধ্বংসের পথে। যত দ্রুত সম্ভব এই পাটকল শ্রমিকদের সকল দাবী মেনে নিয়ে তাদেরকে কাজে ফিরিয়ে নিতে হবে।
আরও বক্তব্য রাখেন, বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজী, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সহ আরো অনেকে।
এছাড়া শিক্ষার্থীরা মৃত শ্রমিককে ‘বাবা’ সম্বোধন করে রাষ্ট্রযন্ত্র কর্তৃক এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন ভোলা রোড হয়ে টিএসসির সামনে দিয়ে গ্রাউন্ড ফ্লোরে এসে মিছিল শেষ করে।
ইমন/এমবি





