এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ফর্ম পূরণ ফি, ভর্তি ফি, মাসিক বেতনের অতিরিক্ত অর্থ আদায়কারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৭ দিনের মধ্যে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে দেশের বিশিষ্ট ব্যক্তিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে শিক্ষামন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠকে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীগণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় গৃহিত পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানান।
প্রতিনিধিদলের সদস্যরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ে তাদের উদ্বেগের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এমন ২৮ জন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী কর্তৃক বিবৃতি দেওয়ার কথাও উল্লেখ করেন।
অতিরিক্ত স্কুল ফি আদায়ের বিরুদ্ধে বিবৃতি দানকারী বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।
এর পরিপ্রেক্ষিতে বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য গত ৩ ফেব্রুয়ারি ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
উক্ত সময়সীমার মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দিতে ব্যর্থ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে শিক্ষাবোর্ড ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা, সরকারি আইন-কানুন, নাগরিক সমাজ- এ সবই অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে গৃহিত মন্ত্রণালয়ের পদক্ষেপের ভিত্তি। আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত না দিয়ে কেউই পার পাবে না।
অতিরিক্ত ফি আদায়কারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে গৃহিত মন্ত্রণালয়ের পদক্ষেপকে সমর্থন দেওয়ায় শিক্ষামন্ত্রী দেশের বিশিষ্টজনদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সমর্থন মন্ত্রণালয়ের হাতকে আরো শক্তিশালী করবে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরো ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হায়াত মামুদ এবং অধ্যাপক এম এম আকাশ। শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
এমকে





