ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

সোমবার সকাল থেকেই প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

বেলা ১১টায় নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ভোটার, প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশে ভাষণ দেন।

সেখানে অবস্থান শেষে প্রার্থীরা ফের ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচারণা চালাচ্ছেন।

প্রচারণায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, বামজোট, কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীরা। তারা ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন। বিতরণ করছেন লিফলেট।

বলছেন নির্বাচিত হলে পাশে থাকবেন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সব আন্দোলনে। শিক্ষার্থীদের কাছে নিজেদের ইশতেহার তুলে দিচ্ছেন স্বতন্ত্র জোট।

সিনেট ভবনে নিজের ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনোক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরিয়াল টিম সতর্ক থাকবে।

নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টরিয়াল টিমকে বিশেষ সহায়তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এতে শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

এএস