জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ফটোগ্রাফি ক্লাব কর্তৃক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ‘আলোক-যাত্রা’র উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় বিভাগ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য ড. ফারজানা ইসলাম আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

এসময় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি উজ্জল কুমার মন্ডল সহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, ক্লাবের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন ।

সুন্দর একটি প্রদর্শনীর আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করে উপাচার্য বলেন, সবাই ছোট থেকেই একসময় অনেক বড় হয়। আমাদের এসব ফটোগ্রাফারাও একসময় অনেক ভালো করবে এবং তাদের কাজের দ্বারা এই বিশ্ববিদ্যালয় ও সাংবাদিকতা বিভাগকে তাদের তোলা ছবির মাধ্যমে দেশ সহ বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেবে। এসময় তিনি সকল আলোকচিত্রীর জন্য শুভকামনা জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, আজ থেকে মনে হলো আলোক যাত্রার শুভ সূচনা হয়েছে। সবগুলো ছবিই ভালো লেগেছে। আমি এর মঙ্গল কামনা করছি।

আলোকচিত্র প্রদর্শনীর সমন্বয়ক ও  সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাজ্জাক মজুমদার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যে উদ্দেশ্য নিয়ে পথচলা শুরু করেছি আজকে এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন হওয়ায় মনে হচ্ছে একটি ধাপ অতিক্রম করতে পেরেছি। একাডেমিক শিক্ষার পাশাপাশি আমরা যদি নিয়মিত কাজ করতে পারি তাহলে অল্প দিনের মধ্যেই আমরা আমাদের লক্ষে পৌছাতে পারব।

তিনি আরো বলেন, মাঝে মাঝেই বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ফটোগ্রাফারদের সাথে আলোচনা সভার আয়োজন করা হবে। ফলে ক্লাবের সদস্যরা বিভিন্ন বিষয় শেয়ার করতে পারবে যা তাদের কাজের ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে।

প্রদর্শনী চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

রাইয়ান/এমবি