রাতের ঘটনার রেশ না কাটতেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। এতে অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

বিবাদমান দুইটি গ্রুপ হলো- নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারী সিক্সটি নাইন ও প্রয়াত নগর আওয়ামীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরীর অনুসারী সিএফসি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ সংঘর্ষ হয়।

সূত্রে জানা যায়, সকালে শাহজালাল হলে সিক্সটি নাইন গ্রুপের রিফাত নামের একজন কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের কয়েকজন। এ ঘটনার জেরে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএফসি গ্রুপের শাকিল নামের একজনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সিএফসি গ্রুপের নেতা ও সাবেক কমিটির সভাপতি আব্দুল হান্নান সাব্বির বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আসন্ন কমিটি গঠনের প্রক্রিয়াকে বানচাল করতে নাছির গ্রুপের সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা আজ সকালে আমার কর্মীর উপর হামলা চালিয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

তবে সিক্সটি নাইন গ্রুপের নেতা ও সাবেক কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল টিপু বলেন, কালকের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের উত্তেজনা বিরাজ করছে। তাদের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তারা দ্বায়িত্বশীলতার পরিচয় দিলে কালকের ঘটনার সুষ্ঠু বিচার করতো। আর এ ধরনের ঘটনা ঘটতো না।

এ ব্যাপারে জানতে হাটহাজারি মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীরকে মুঠোফোনে কল দিলে ও তিনি ব্যস্ত আছেন জানিয়ে কোন মন্তব্য করেন নি।

মাসুম/জেড