বিভিন্ন দাবিতে ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দাবিতে শিক্ষক সমাবেশ করার ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন।
এ ছাড়াও আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষক মহা-সমাবেশ করবে সংগঠনটি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে আবদুল বাতেন লিখিত বক্তব্যে বলেন, সারা দেশে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষার গুণগত মান উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এর মাত্র ১৫ ভাগ সহকারী শিক্ষক চাকুরি জীবনে একবার পদোন্নতি পান। তা ২০০৯ সাল থেকে প্রমোশন আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে বন্ধ রয়েছে।
সংবাদ সম্মেলনে তাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, বর্তমান জাতীয় বেতন স্কেলে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১১ তম গ্রেডে ৬,৪০০ নির্ধারণ করা; সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে নিয়োগ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মহা-পরিচালক পদ পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান করা;
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে মহিলা-পুরুষ নির্বিশেষে সকলের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা; জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা; টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করে দ্রত পদোন্নতির ব্যবস্থা করা ও নন-ভোকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করে প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান প্রণয়ন করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরাম সভাপতি মো. জসিম উদ্দিন সরকার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা প্রমুখ।
এমএ





