বাকি খাওয়াকে কেন্দ্র করে নগরীর বন্ধগেট এলাকায় রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী সুজন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন শিক্ষার্থী বন্ধগেট এলাকায় সুজনের ভ্যারাইটি স্টোরে আসেন।
এ সময় শিক্ষার্থীরা তার দোকান থেকে সিগারেট, চিপস খেয়ে টাকা পরে দেওয়া হবে বলে চলে যেতে থাকেন। এ ঘটনার প্রতিবাদ করলে ওই শিক্ষার্থীরা সুজনকে মারধর করতে যান। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরে মেডিক্যাল শিক্ষার্থীরা লাঠিসোটা, ধারালো অস্ত্রসহ বন্ধগেট এলাকায় এসে ব্যবসায়ীদের ওপর হামলা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১০ জন আহত হয় বলে জানান স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার কারা জড়িত তা শনাক্তের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এমকে





