এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে রবিবার।
(http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে ফলপ্রত্যাশীরা ফলাফল জানতে পারবেন। তবে ওয়েবসাইটে ফলাফল জানতে অন্যবারের মত আর বিড়ম্বনার আশঙ্কা করছের শিক্ষার্থীসহ অভিভাবকরা।
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘এসএসসি ফলাফলের সময় দেখা গেছে ফল প্রকাশের কয়েকঘণ্টা পরও ফল দেখতে পারিনি। ফল প্রকাশের পর ওয়েবসাইটে শিক্ষার্থীদের চাপ বাড়ে এটা তো কর্তৃপক্ষ জানেন। তাহলে ওয়েবসাইটের চাপ নেওয়ার দক্ষতা বাড়ানো হয় না কেন?’
তিনি বলেন, ‘সরকার তথ্যপ্রযুক্তির উপর গুরুত্ব দিচ্ছে। এ বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত। আমরা চাই ফলাফল যখন প্রকাশ হবে তখনই সবাই যেন দেখতে পারে।’
রাজধানীর কম্পিউটার দোকানদার খোকন রাজীব বলেন, ‘এসএসসি, এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের ২০ মিনিট আগেই ওয়েবসাইট ডাউন হয়ে যায়। বিশেষ করে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ঢোকাই যায় না।’
ফল প্রকাশের পর এ ধরনের বিড়াম্বনা দীর্ঘদিনের হলেও কর্তৃপক্ষ চাইলেই এর সমাধান সম্ভব বলে মন্তব্য আইটি বিশেষজ্ঞদের।
রাজধানীর ইনোভেটিভ আইটির সিটিও নিজাম উদ্দিন বলেন, ‘ওয়েবসাইটের ব্রান্ডউইথ কম থাকার কারণে অতিরিক্ত চাপ নিতে পারে না। ফলাফলের জন্য সারাদেশ থেকে ফলপ্রত্যাশীরা ওয়েবসাইটে ঢোকার কারণে এ ধরনের সমস্যা হয়।’
তিনি বলেন, ‘কর্তৃপক্ষ ভাল সার্ভারে ব্রান্ডউইথ বাড়িয়ে নিতে পারে। চাইলে তারা কেবল রেজাল্টের দিন হলেও এ কাজটি করলে আর সমস্যা থাকবে না।’
ওয়েবসাইটে ফল জানার ভোগান্তির অভিযোগ স্বীকার করে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গত এসএসসির ফলাফলেও এ সমস্যা হয়েছে। তবে পরে তা কেটে গেছে। আশা করছি এবার তা হবে না।’
তিনি বলেন, ‘মিটিং করে দায়িত্বশীলদের বলে দেওয়া হয়েছে। তারাও জানিয়েছে, সঠিক সময়েই সবাই ফলাফল পাবে। ওয়েবসাইটে আর সমস্যা হবে না।’
এএইচ





