বেপরোয়া বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মেয়রের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও আরেকটি অংশ রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী।
আজ (২১ মার্চ) বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন শুরু হয়। এর আগে বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি)’র শিক্ষার্থীরা প্রগতি সরণি থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার মুখে সড়কে এসে জড়ো হন। এসময় সেখানে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাঁরা কথা বলেন।
সেখানে উপস্থিত এক শিক্ষার্থী রায়হানুল বলেন, পুলিশ তাঁদের সড়কে অবস্থান না নেওয়ার অনুরোধ করেছেন। সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রাখার কথা বলেছেন। ওই শিক্ষার্থী বলেন, “আমরা পুলিশকে বলেছি, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। এরপর আমরা মানববন্ধন করার সিদ্ধান্ত নিই।”
এআইইউবি’র একজন শিক্ষার্থী বলেন, “আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন না থাকলে কোনো দাবি আদায় হবে না। কর্তৃপক্ষ চাপ অনুভব করবে না।”
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ ৭ দিনের আল্টিমেটাম দিয়ে আজ (২১ মার্চ) থেকে কর্মসূচি স্থগিত করেছে। তবে একটি অংশের এই স্থগিতাদেশ নিয়ে আপত্তি আছে। তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে। অবশ্য আজ প্রগতি সরণিতে মানববন্ধন ছাড়া আর কোনো কর্মসূচি চোখে পড়েনি।
জাতীয় পতাকা হাতে মানববন্ধনে দাঁড়ানো শিক্ষার্থীরা এদিনও আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর জন্য দায়ী বাসচালকের মৃত্যুদণ্ড এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের এডিসি আহমেদ হুমায়ূন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছে। আমরা কোনো বাধা দিচ্ছি না।”
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বাসচাপায় নিহত হন আবরাম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন।
সকালে বিইউপি’তে ক্লাস করার জন্য প্রগতি সরণিতে দাঁড়িয়ে থাকা বিইউপি’র বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এসময় সু-প্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন। এই ঘটনার পর সন্ধ্যায় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার সহপাঠীরা।
গতকাল বুধবারও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ৮ দফা বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন।
এমবি





