ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খুন হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ স্মরণে রাজধানীর পলাশীতে নির্মিত স্মৃতিস্তম্ভ ভেঙে দেওয়া হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হয়।

এর আগে মঙ্গলবার (০৬ অক্টোবর) দিনগত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়।

এ সময় আখতার এই স্মৃতিস্তম্ভকে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদার এই ৮টি বিষয়ের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।

ভারতের সঙ্গে বাংলাদেশে চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গত বছরের ০৬ অক্টোবর বুয়েটের এক ছাত্রলীগ নেতার কক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, এটি ভাঙা গড়ার বিষয়ে আমরা কিছু জানি না। তবে জায়গাটি সিটি করপোরেশনের। যেহেতু এটি একটি ট্র‍্যাফিক আইল্যান্ডে তাই সেখানে ইট-পাথরের স্তূপ বা অন্য কিছু রাখা হলে সেটি তারা বুঝবে। জায়গাটি শাহবাগ ও নিউমার্কেট থানারও অধীনে হওয়ায় এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করার পরামর্শ দেন তিনি।

শাহবাগ ও নিউমার্কেট থানায় যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

তবে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, এটা সিটি করপোরেশনই ভেঙে ফেলেছে। এর কারণ হচ্ছে এ ধরনের স্তম্ভ তৈরি করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হয়। তারা অনুমতি না নিয়েই রাতারাতি এটা তৈরি করেছে।

এমবি