ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ীভাবে বহিষ্কারের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ আল্টিমেটাম দেয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
চলমান কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের ওপর নির্যাতন করেন এশা। এ ছাড়া হলের এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মোরশেদা বেগম নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় রাতেই তাকে ছাত্রলীগ থেকে এবং পরে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলমান কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাশেদ খান।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আন্দোলনকারীদের না আসার জন্য যে হামলা চালানো হয়েছে তার নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। সেইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কদের ওপর চাপ সৃষ্টি তীব্র নিন্দা এবং অন্যদের ছাত্র সমাজের এ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার আহ্বান জানানো হয়।
জেড





