রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা লোহার রডের আঘাতে মাহমুদ বিন আশরাফ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। এই ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ইফতেদার ইভান (২১) গুরুতর আহত হয়েছেন।
আশরাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের দর্শন বিভাগে পড়তেন। এই ঘটনায় আহত ইভানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (২৭ অক্টোবর) শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিঞা আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র মাহমুদ বিন আশরাফ নামের এক শিক্ষার্থী গতকাল (শুক্রবার) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। লোহার রডের আঘাতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
ধানমন্ডি থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মেডিনোভার পাশের ফাঁকা রাস্তায় শুক্রবার সন্ধ্যার মাহমুদ বিন আশরাফ ও তার বন্ধুরা ক্রিকেট খেলছিলেন। এ সময় পাশে নির্মানাধীন একটি ভবন থেকে একটি বড় ছিটকে এসে রাস্তার ওপর বৈদ্যুতিক তারে পড়ে। পরে বিকট শব্দ হয় এবং বিদ্যুৎ চলে যায়।
ছিটকে পড়া লোহার রডটি অশরাফের ঘাড়ে এবং পাশে থাকা ইভানের শরীরে লাগে। দুই জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমবি





