চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কোর্সে ‘সি১-সি৩’ এবং ‘বি২-বি৭’ ইউনিটে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর মো. আনোয়রুল আজিম আরিফের সভাপত্বিতে সোমবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটি সচিব এস. এম. আকবর হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে বিবিএ প্রোগ্রামে ‘সি১-সি৩’ ইউনিটের ভর্তি পরীক্ষা ০৫ নভেম্বরের পরিবর্তে আগামী ০৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি.এ অনার্স কোর্সে ‘বি২-বি৭’ ইউনিটের ভর্তি পরীক্ষা ০৬ নভেম্বরের পরিবর্তে আগামী ০৭ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
এছাড়া এ সব পরীক্ষা পূর্ব ঘোষিত কেন্দ্রসমূহ এবং সময় অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য চবি ওয়েব সাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।
আইন অনুষদের অধীনে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এএইচ





