কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বুধবার দুপুর ১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, অতিদ্রুত সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। তা না হলে ‘গণজাগরণের’ ডাক দেওয়া হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব মীর বলেন, আমাদের বোন তনুসহ সারাদেশে যেভাবে খুন, ধর্ষণের অপসংস্কৃতি চালু হয়েছে, তার দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক প্রিয়াংকা স্বর্ণকার, বর্ণনা ভৌমিক, ভাস্কর রাশা, জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

এমই