মেধা তালিকায় থাকা সত্ত্বেও উত্তরা আধুনিক মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে গরিব ও মেধাবী কোটায় হকারদের সন্তান ভর্তি না করার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় সম্মিলিত হকার্স জোট। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
এ সময় হকার্স নেতারা অভিযোগ করেন, পত্রিকা বিক্রেতা আবদুস সালামের ছেলে শামসুদ্দিন সুমনের থেকেও কম নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সুযোগ দিলেও সুমনকে দেয়া হয়নি।
এ নিয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনো সুফল পায়নি সুমন।
তারা আরও বলেন, পত্রিকা বিক্রেতা আবদুুস সালামের সন্তান মো. শামসুদ্দীন সুমন এমবিবিএস ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩০০ নম্বরের মধ্যে ২৬৩ দশমিক ২৫ পেয়ে জাতীয় মেধা তালিকায় ৬৯৬১ স্থান অধিকার করে। সরকারের নিয়মানুযায়ী উত্তরা আধুনিক মেডিকেল কলেজে গরিব ও মেধাবী কোটায় আবেদন করে সে।
কিন্তু কলেজ কর্তৃপক্ষ গত ৩ জানুয়ারি ফলাফল প্রকাশ করে মেরিট স্কোরে ২৬৭ দশমিক ৭৫, ২৬৪ দশমিক ৭৫, ২৬১, ২৫৭ দশমিক ৫০ ও ২৫৭ দশমিক ২৫ থাকলেও মেরিট স্কোর ২৬৩ দশমিক ২৫ ছিল না।
সুমন হকারের সন্তান বলেই কি তালিকায় তার নাম দেয়া হয়নি? নাকি ডোনেশনের নামে মোটা অংকের টাকা দিতে পারেনি, সেজন্য নেতারা অভিযোগ করেন, কলেজ প্রশাসনের একটি সিন্ডিকেট শিক্ষার্থীদের ভর্তির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
অবিলম্বে সুমনকে মেডিকেল কলেজে ভর্তি করে নেয়ার দাবি করেন তারা। ভর্তি করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ঘেরাও করার হুশিয়ারি দেন তারা।
জাতীয় সম্মিলিত হকার্স জোটের নেতা মোহাম্মদ আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, রাজেকুজ্জামান রতন, আবদুল ওয়াহেদ, নাইমুল আহসান জুয়েল, হকার্স সংগ্রাম পরিষদের সদস্য সচিব সিকান্দার হায়াত, কামাল হোসোন প্রমুখ বক্তব্য দেন।
এএস





