কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের দাফন সম্পন্ন হয়েছে।  

শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নাইমুল আবরারের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে শনিবার ভোরে অ্যাম্বুলেসে করে ঢাকা থেকে নাইমুলের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। নাইমুলের লাশ পৌঁছানোর পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এসময় প্রতিবেশীরা নাইমুলের স্বজনদের সান্ত্বনা দেন।

জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। নাইমুলের বাবা মজিবুর রহমান প্রবাসী, তবে বর্তমানে তিনি দেশে আছেন।

উল্লেখ্য, শুক্রবার (০১ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে দৈনিক প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র অনুষ্ঠানে উপস্থিত একই স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত (১৫) অনুষ্ঠান চলাকালে রাত ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

জানা যায়, শুক্রবার কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসেছিলেন শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত। পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে অনুষ্ঠানস্থলের জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জন চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি