দেশের সকল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে কোয়ালিটি অ্যাসিওরেন্স (কিউএ) ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। এ লক্ষ্যে কিউএ ইউনিট গঠন করে তিনশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবন মিলনায়তনে 'কোয়ালিটি অ্যাসিওরেন্স সিস্টেম ইন হায়ার এডুকেশন' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। তিনদিনব্যাপী এ কর্মশালাটি মঙ্গলবার শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ে গবেষণা উপপ্রকল্পের চারশ কোটি টাকার বাইরে গিয়ে কোয়ালিটি এসিওরেন্স (কিউএ) নামে গঠিত নতুন ইউনিটকে তিনশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান এ কে আজাদ।

ইউজিসির চেয়ারম্যান আরও জানান, 'গত তিন বছরে গবেষণার মানোন্নয়ন ও উদ্ভাবনী শক্তির বিকাশে ইউজিসির উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) এআইএফ ফান্ড হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা উপ-প্রকল্পে চারশ কোটি টাকা প্রদান করা হয়েছে।'

হেকেপের অধীনে নতুন গঠিত কিউএ ইউনিটের প্রধান হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রধান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ।

ঢাকা, ১৭ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস