রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে পূজার্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। এতে মূল আলোচক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর সোমনাথ ভট্টাচার্য। সেখানে আরও আলোচনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস অরুণ কুমার বসাক ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক বিশ্বজিৎ চন্দ প্রমুখ।

কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর নিখিলরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষার্থী শ্রাবণী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ড. জুয়েলী বিশ্বাস ও ড. রঞ্জন কুমার বর্মন শুভেচ্ছা বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাত্র-উপদেষ্টা মো. মিজানুর রহমানসহ হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন ।

এমবিএইচ