শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ১৯০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল সংগঠনের সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, শ্লোগান ও পোস্টারিং সাময়িকভাবে নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এই সিদ্ধান্ত প্রগতিশীল ধারার উপর আঘাত করেছে বলে মন্তব্য করেছেন তারা।
এদিকে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের দায় অন্য সংগঠন কেন নেবে- এই প্রশ্ন উঠেছে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাদের তরফ থেকে।
শাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বলেন, ছাত্র সংগঠনের সভা সমাবেশ নিষিদ্ধ করার মাধ্যমে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনার জড়িত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের বিচার না করে এমন সিদ্ধান্ত নেয়া প্রশাসনের ঠিক হয়নি।
শাবি ছাত্রদলের আহ্বায়ক এস. এম. জাহাঙ্গির বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনী ও শাবি ভিসি ও প্রক্টরের পোষা পেটোয়া বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের দায় ছাত্রদল নেবে না। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব।
কেএইচ





