রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ মৌন মিছিল ও সমাবেশ করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতি।
হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করেন শিক্ষকরা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. লুৎফল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু হাদী-নূর আলী খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শহীদ উল্লাহ তালুকদার, অধ্যাপক ড. মঞ্জুরুল আলম, অধ্যাপক. ড. একে এম জাকির হোসেন, অধ্যাপক মোহাম্মদ আল মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা রাবি শিক্ষক অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনান দাবি করেন। পরে সেখান থেকে একটি মৌন মিছিল করেন শিক্ষকরা। মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপন ঘুরে পুনরায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে করিডোরে শেষ হয়। মৌন মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের দুই শতাধিক শিক্ষক অংশ নেন।
জেআই





