আজ এক যৌথ শুভেচ্ছা বার্তায় রুয়া’র সভাপতি মু. রফিকুল ইসলাম খান এমপি ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন এই শুভেচ্ছা জানান। বার্তায় তারা সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে এবং স্বাস্থ্য সচেতনতার সাথে যথাযথ মর্যাদায় ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।
যৌথ বার্তায় রুয়া নেতৃবৃন্দ বলেন, "ত্যাগ ও কুরবানির মহান প্রেরণা নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই ঈদ শুধু ত্যাগের চেতনাকেই উজ্জীবিত করে না, বরং সমাজের সব অনৈক্য ভুলে গিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।"
তারা আরও উল্লেখ করেন, মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর রাহে ত্যাগ ও কুরবানির মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাঁর সেই অবিস্মরণীয় স্মৃতিকে ধারণ করে জীবনের সকল ক্ষেত্রে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শিক্ষাদিতেই আল্লাহ তায়ালা মুসলিম মিল্লাতের ওপর কেয়ামত পর্যন্ত এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন।
পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে নেতৃবৃন্দ বলেন, "পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন— ‘বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্যে’।"
নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহা আমাদের মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ করে দেয়। বাস্তব জীবনে নিজেদের নফসের (প্রবৃত্তির) ওপর বিজয়ী হয়ে আল্লাহর দেওয়া বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করতে পারলেই কেবল তাঁর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।
পরিশেষে, রুয়া নেতৃবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইসহ সমগ্র দেশবাসী ও মুসলিম উম্মাহর অনাবিল শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এমএম