নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামীকাল ৩ নভেম্বর ২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলবে ৪ নভেম্বর ২০১৭ পর্যন্ত।
এ পরীক্ষা ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হয়েছে একটি চক্র।
চক্রটি প্রশ্নপত্র প্রদানের আশ্বাস দিয়ে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের প্রতারিত করার অপতৎপরতা চালাচ্ছে। নোবিপ্রবি বা এনএসটিইউ’র নাম ব্যবহারে করে ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেইজে প্রশ্নপত্র প্রদান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়ার মতো অপপ্রচার চালাচ্ছে চক্রটি।
এছাড়া হোয়াটসআ্যপ, ইমো ও নির্দিস্ট মোবাইল নম্বরে অর্থ লেনদেনের কথাও বলছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ‘এ ধরনের ফেসবুক আইডি, গ্রুপ ও মোবাইল নম্বর থেকে সকলকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেছেন।
পাশাপাশি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ও ফেসবুক গ্রুপ নোবিপ্রবি জনসংযোগ) এর সহায়তা নেয়ার নির্দেশনা দিয়েছেন’।
এছাড়া মোবাইল নম্বর ব্যবহার করে এবং ফেসবুকে প্রশ্নপত্র প্রদানের শতভাগ গ্যারান্টির কথা বলে যেসব ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ, পেইজ এমন অপতৎপরতা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করছে তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলেছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
অন্যথা অন্যকোনো জালিয়াতি চক্রের অপ্রীতিকর কোনো ঘটনার দায় বিশ্ববিদ্যালয় নেবে না।
এমএ





