ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী উপলক্ষে নজরুল গবেষণা ও নজরুল সংগীতে বিশেষ অবদানের জন্য এ বছর তিনজন গুণী ব্যক্তিকে ‘নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্মাননার জন্য মনোনীতরা হলেন, গবেষণায় অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, সঙ্গীতে অবদানের জন্য শিল্পী খায়রুল আনাম শাকিল এবং বাংলাদেশের বাইরে নজরুল গবেষণায় অবদান রাখার জন্য ভারতের আজহার উদ্দীন খান’।

বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী উপলক্ষে গঠিত সম্মাননা উপ-কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে নিজ অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ তালিকা চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম. হাফিজুর রহমান জানান, সভায় সম্মাননা উপ-কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফ আলী সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ দে, সম্মাননা উপ-কমিটির সদস্য সচিব ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাহবুব হোসেন প্রমুখ।

এমআইএস