দীর্ঘদিন অবৈধ দখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিব্বত হলসহ অন্যান্য হলগুলো উদ্ধারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়র শিক্ষক সমাজ সোমবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন ও কালো ব্যাচ ধারণের ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা জানান,দীর্ঘদিন অবৈধ দখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিব্বত হলসহ অন্যান্য আরও ১০টি হল উদ্ধারের দাবিতে রোববার সকাল ৮ টায় প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা তিব্বত হলের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা ভেঙ্গেই হলের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় তারা।
শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে পুলিশ ছররা গুলি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। রাবার বুলেট ও টিয়াসগ্যাস নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও ইট পাটকেল দিয়ে পুলিশের উপর পাল্টা আক্রমণ করে। এভাবে থেমে থেমে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলে। পুলিশ ও সাদারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩ শতাধিক আহত হয়েছে। আহতদেরকে রাজধানীর সুমনা হাসপাতাল,মিডফোর্ড হাসপাতাল,ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের আতঙ্কে সদরঘাটে অবস্থিত তিব্বত হলের আশপাশে দোকানপাট বন্ধ হয়ে যায়। আন্দোলনের কারণে শিক্ষক-কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারেনি। এছাড়াও বিভিন্ন বিভাগে নির্ধারিত পরীক্ষা বাতিল হয়ে যায়।
পরে বিকাল সাড়ে ৩ টায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন আজকের মতো প্রত্যাহার করেন।
বিকালে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে জবি শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম বৈঠকে বসেন। বৈঠক শেষে তিব্বত হল উদ্ধার ও অন্যান্য দাবি আদায়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন। তবে আন্দোলন যথারীতি সোমবার সকাল থেকে আবার শুরু হবে বলেও জানানো হয়।
অন্যদিকে সাধারণ শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীসহ কমপক্ষে ৪শ’ জন আহত হয়েছেন বলে দাবি করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ (নীল দল)। রোববার বিকালে দলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের উপর হামলায় ঘটনায় জড়িত অভিযোগে লালবাগ জোনের ডিসি হারুনুর রশিদ ও কোতয়ালী থানা ওসি মনিরুজ্জামানকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সমিতির সভাপতি প্রফেসর ড. সরকার আলী আক্কাস এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া হল উদ্ধার ও অবকাঠামো নির্মাণের ব্যাপারে শিক্ষক সমিতির দাবি জানায়।
এব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান,বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়ার পর এ বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বরং বিশ্ববিদ্যালয়ের হল বেদখল হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রলীগ শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে ভবিষ্যতেও করবে।
এছাড়া বেদখল হয়ে যাওয়া তিব্বত হল উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন,শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাই তাদের বাধা দেয়া হচ্ছে না।
[b]ঢাকা,জেইউ,২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]