বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার বৃহস্পতিবার ডাকসু’র ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালযের রাজু ভাস্কর্যের সামনে থেকে বের হয়ে শাহাবাগ মোড় হয়ে মৎস্য ভবন ও হাইকোর্ট মোড় ঘুরে আবারো রাজু ভাস্কর্যে ফিরে আসে।

মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ছাত্রফেডারেশনসহ বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

মিছিলে শিক্ষার্থীদেরকে ভারতের সাথে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বিরুদ্ধে ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে তারা- ‘আমার নদী ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’; ‘দিল্লি না ঢাকা!, ঢাকা ঢাকা!’ ; ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নেই’; ‘দেশবিরোধী চুক্তি, মানি না মানবো না’; ‘বুয়েট তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই’; ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’; ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘হই হই রই রই ছাত্রলীগ গেলি কই?’; ‘আমার ভাই আবরার আর কত লাশ চাই’; ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন। 

উল্লেখ্য, এর আগে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গত রোববার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে খুন হন বাংলাদেশ প্রকেৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার (০৫ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ।

এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আবরার। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা। তবে আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টরা।

হত্যাকাণ্ডের প্রমাণ না রাখতে সিসিটিভি ফুটেজ মুছে (ডিলেট) দেয় খুনিরা। তবে পুলিশের আইসিটি বিশেষজ্ঞরা তা উদ্ধারে সক্ষম হন। পুলিশ ও চিকিৎসকরা আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছেন।

এই ঘটনায় ১৯ জনকে আসামি করে তার বাবা চকবাজার থানায় সোমবার রাতে একটি হত্যা মামলা করেন। বুয়েট কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পাশাপাশি গঠন করেছে একটি তদন্ত কমিটিও।

এমবি