স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতে শুক্রবারেও ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

সোমবার সকালে সমিতির কার্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন এ ঘোষণা দেন।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ আরও বলেন, মর্যাদা রক্ষার্থে সম্প্রতি শিক্ষকরা যে লাগাতার কর্মবিরতি পালন করেছে তাতে শিক্ষার্থীরা একাডেমিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

এ জন্য আমরা ছাত্রদের ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পাশাপাশি শুক্রবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সভায় উপস্থিত ছিলেন সকল বিভাগীয় সভাপতিবৃন্দ।

এ ঘোষণায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, ‘আমরা শিক্ষকদের পরামর্শক্রমে শুক্রবারে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এরপরও যদি কোনো বিভাগ প্রতিদিন দুপুর ২টার পরে ক্লাস ও পরীক্ষা নিতে চায়, তাদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, বিষয়টি শিক্ষক সমিতির সভাপতি আমাকে জানিয়েছেন। এ রকম মহৎ উদ্যোগের জন্য আমি শিক্ষকদের সাধুবাদ জানাই।

এমকে