২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪২ হাজার ২৭৬ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন, যেখানে গতবার জিপিএ ৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৩৩১ জন।
শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল  প্রকাশ করা হবে বেলা দুইটার দিকে। দুপুর ২টা থেকে বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমেও শিক্ষার্থীরা ফল জানতে পারবে। এ ছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস Tec স্পেস রোল নম্বর স্পেস ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজেই ফল পাওয়া যাবে। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ২৭ মার্চ পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।
গত ৯ ফেব্রুয়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২২ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখের কিছু বেশি।
[b]ফল পুনর্নিরীক্ষণ[/b]
১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। সেজন্য শুধু টেলিটক মোবাইলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে আবারও স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে আবেদন ফি কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) //এনএস[/b]