হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভিসির কক্ষে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকদের ওপর ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালিয়েছেন ভিসির সমর্থক ছাত্ররা। এতে অন্তত ছয় শিক্ষক আহত হয়েছেন।
সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিস কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত শিক্ষকরা হচ্ছেন- হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের শাজদীক আহমেদ, হাফিজ আল আমীন, পলাশ হাসান জামিল, মাসুদ ইবনে আফজাল, আতিকুল হক ও রুবাইয়াত হাসান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডা. এসএম হারুন উর রশিদকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও পরামর্শ বিভাগের পরিচালক পদ থেকে অপসারণ করে ওই পদে প্রফেসর ড. শাহাদৎ হোসেন খানকে দায়িত্ব দেয়। এই ঘটনার প্রতিবাদে বিকেল ৪টায় প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকরা উপাচার্যের কক্ষের মেঝেতে বসে অবস্থান ধর্মঘট শুরু করে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেম।
টানা চার ঘণ্টা অবস্থা চলার পর রাত পৌনে ৮টার দিকে ভাইস চ্যান্সেলরের সমর্থক ছাত্ররা জয়বাংলা শ্লোগান দিয়ে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে প্রবেশ করে। ছাত্ররা ভাইস চ্যান্সেলরের কক্ষে অবস্থানরত প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকদের উপর হামলা চালায় এবং ভাইস চ্যান্সেলরকে উদ্ধার করে তার বাসবভনে নিয়ে যায়।
হাবিপ্রবি’র প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর. ড. বলরাম রায় অভিযোগ করেন, ভাইস চ্যান্সেলরের সমর্থক ছাত্ররা তাদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের বেশ কিছু শিক্ষক আহত হয়েছে।
তিনি অভিযোগ করেন, ভাইস চ্যান্সেলরের নির্দের্শেই ছাত্ররা এবং ভিসির সমর্থক কয়েকজন শিক্ষক তাদের উপর হামলা চালিয়েছে।
হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেম জানান, ছাত্র ও শিক্ষকরা তাকে উদ্ধার করে তার বাসবভনে নিয়ে গেছে। তবে কেউ প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকদের উপর হামলা করেনি। তার বিরুদ্ধে হামলার যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
এমএজেড





