কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক লুৎফুন্নাহার লুনার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন ২ ছাত্রের মৃত্যু নিয়ে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় এই নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম।

আজ (১৬ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।  

অপরদিকে লুনার আইনজীবী জায়েদুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। লুনার আইনজীবী জায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

লুমা ইডেন কলেজের ছাত্রী। তিনি কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক। বুধবার (১৫ আগস্ট) ভোরে ডিএমপির তদন্ত টিম ও বেলকুচি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে দাদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার লুৎফুন্নাহার লুনা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বাঐখোলা গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে দাদার বাড়িতে পালিয়ে ছিলেন। বেলকুচি থানা পুলিশ এবং ডিএমপির মামলার তদন্ত টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

এমবি