রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) ক্যারিয়ার ক্লাব তৃতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে সিটি ব্যাংক জব ফেয়ার-২০১৫। আগামী ২১ এবং ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) চত্বরে এই ফেয়ার অনুষ্ঠিত হবে। ছাত্র উপদেষ্টা দপ্তরের সরাসরি সহযোগিতায় দেশের স্বনামধন্য প্রায় ২০টি কোম্পানী এই মেলায় অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে ব্যবসা প্রশাসনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির সভাপতি সালেক আহমাদ সজিব সাংবাদিকদের এ তথ্য জানান।

লিখিত বক্তব্যের মধ্যে তিনি আরো বলেন, মেলা উপলক্ষে তারা বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের অধিকর্তা প্রফেসর ড. ইলিয়াছ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদেও অধিকর্তা প্রফেসর ড. আমজাদ হোসেন, সংগঠনটির উপদেষ্টা কে.এম.সাব্বির হাসান, অমিতাভ সাহা সহ বিভিন্ন অনুষদের অধিকর্তাবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষগণ, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকমন্ডলী।

বেলুন এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করার পরই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর পর অতিথিবৃন্দ বিভিন্ন কোম্পানীর স্টল পরিদর্শন করবেন। মেলা ২২ নভেম্বর বিকাল ০৫টা পর্যন্ত চলবে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যেকোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবেন।

মেলার নিয়মানুযায়ী অংশগ্রহণকারী কিছু কোম্পানী সিভি সংগ্রহ, বাছাই এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি চাকুরী অফার করবে এবং অন্যান্য কোম্পানীসমূহ সিভি সংগ্রহ, বাছাই, ইন্টারভিউ গ্রহণ করবে এবং পরবর্তীতে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দান করবে।

এছাড়া এ উপলক্ষে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক প্রায় ১০টি সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন ক্ষেত্রের চাকরীর বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য সরবরাহ, প্রস্তুতির উপায় এবং ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন বিভিন্ন কোম্পানীর হিউম্যান রিসোর্স বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সেমিনারে বক্তব্য রাখবেন।

সেমিনার গুলো ২১ নভেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিন্স কমপ্লেক্স কনফারেন্স রুম এবং ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সমাপনী দিনে বিকাল ৫টায় মিলনায়তনে সমাপণী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এমকে