বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিক ভাবে উপাচার্যের দায়িত্বভার গ্রহন করেছেন। বুধবার সকাল ১০ টায় উপাচার্য তার দপ্তরে প্রবেশ করেন এবং যোগদানের আনুষ্ঠানিকতা শেষ করেন। নিয়োগের ১৪ দিনের মাথায় উপাচার্যের দায়িত্ব গ্রহন করলেন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
এসময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠন । পরে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, ইনস্টিটিউট এবং বিভিন্ন দপ্তর।
আনুষ্ঠানিকতা সেড়ে প্রথমেই তিনি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাসের ফাইল স্বাক্ষর করেন। এরপর দীর্ঘদিন থেকে অপ্রকাশিত বিভিন্ন বিভাগের ফলাফলের ফাইল দেখেন উপাচার্য।
ফাইল স্বাক্ষরের ফাঁকেই সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চালু করা হবে। ধীরে ধীরে সেশনজট কমিয়ে আনার চেষ্ঠা করব। শিক্ষকদের মধ্যে বিদ্যমান দ্বন্ধের অবসান ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ইবরাহীম কবীর, প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না ছিদ্দিকা, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ফেরদৌস, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমূখ।
এরপরে বেলা ১২ টায় তিনি প্রয়াত বিশিষ্ট পরমানু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করতে পীরগঞ্জে যান ।
ইভান/জারিফ





