চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে জীব বিজ্ঞান অনুষদের (এফ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার সকালে এ ফল প্রকাশ করা হয়। এই ইউনিটে পাশের হার ৪০ শতাংশ। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.cu.ac.bd এ পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোসাইন বলেন, জীবিবিজ্ঞান অনুষদে(এফ ইউনিটে) ৫৫৮ টি আসনের বিপরীতে ২২ হাজার ২২৭ জন শিক্ষার্থী আবেদন ফরম ক্রয় করেছিল। এরমধ্যে ১৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী মঙ্গলবারের পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭ হাজার ১০৩ জন। পাসের হার ৩৯ দশমিক ৯০ শতাংশ। সর্বোচ্চ নম্বর ১০৮ দশমিক ২৫।

এদিকে, বুধবার বিজ্ঞান অনুষদের (এ-১ ইউনিট) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল এগারোটা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয় এ পরীক্ষা। এ-১ ইউনিটে ৫৪৪ আসনের বিপরীতে আবেদন করেছিল ১৬ হাজার ৪৯৪ জন শিক্ষার্থী।

এছাড়াও দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (এ-২ ইউনিট) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ-২ ইউনিটে ১৮৫ আসনের বিপরীতে আবেদন করেছে ৬ হাজার ৯৬১ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ দৌল্লাহ বলেন, ভর্তি পরীক্ষার তৃতীয় দিনেও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে এ-১ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুর থেকে এ-২ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেএইচ