নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবর্তে মানুষ খুনের শিক্ষা দেওয়া হচ্ছে কিনা- এমন প্রশ্ন তুলে বেসরকারি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে হামলার প্রসঙ্গ টেনে রবিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

শোলাকিয়ায় নিহত যুবক আবীরও নর্থ সাউথের ছাত্র উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, নর্থ সাউথে কি শিক্ষা দেওয়া হচ্ছে, কি লেখাপড়া শেখানো হচ্ছে? ওখানে খুন করার শিক্ষা দেওয়া হচ্ছে। এটির বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

ধর্মের নামে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, টুপি-পাঞ্জাবি পড়ে মানুষ হত্যা করা হচ্ছে। এটা কোন ধর্ম? ধর্মের নাম দিয়ে একাত্তরের পরাজিত শক্তি এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

প্রত্যেক পাড়া-মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, কমিটি যেন আওয়ামী লীগের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওখানে মসজিদের ইমাম, পাশের স্কুলের শিক্ষকসহ সর্ব সাধারণের কমিটি করতে হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তরোঁয় জঙ্গি হামলার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত পাঁচ সন্দেহভাজন হামলাকারীর মধ্যে নিবরাস ইসলাম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রে নাশকতা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস দেশে থাকার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।

গত বছরের ১৪ ফেব্রুয়ারি ব্লগার রাজীব হায়দারকে হত্যার সঙ্গেও জড়িত ছিল এ বিশ্ববিদ্যালয়েরই পাঁচ শিক্ষার্থী, যাদের সে সময়েই বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাফিসসহ এই ছয়জন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র ছিল।

জানা যায়, জঙ্গিবাদী কর্মকাণ্ডের দায়ে এখন পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকেই বহিষ্কৃত হয়েছেন পাঁচজন শিক্ষক ও ১৪ জন শিক্ষার্থী।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, দক্ষিণের সাধারণ সধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

এসএম