হঠাৎ মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের হলে হলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বেশ কয়েকটি ছাত্রী হলও রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রীকে নির্যাতন করেছেন ওই হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান। এমন অভিযোগ করেছেন হলের সাধারণ ছাত্রীরা।

এমনকি কবি সুফিয়া কামাল হলে মেয়েদের এশা মোরশেদার পায়ের রগ কেটে দিয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। এই অভিযোগে হল ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান ইশাকে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ থেকে তাৎক্ষণিক বহিষ্কারও করা হয়েছে।


ছেলেদের হলগুলোতেও এমন অভিযোগ পাওয়া গেছে। বেশ কিছু হল থেকে ছাত্রদের বের হতে দেয়া হয়নি।

কোটা সংস্কার নিয়ে পোস্ট দেয়া, ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়া ও নেতাদের কথা না শোনায় বেশ কিছু শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকিও দেয়া হয়েছে। স্যার এ এফ রহমান হল, হাজী মুহাম্মাদ মহসিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জহুরুল হক হল, এসএম হল, ফজিলাতুন্নেসা মুজিব হলে হল থেকে বের করে দেয়ার হুমকি ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

এরই মধ্যে নেতাদের নির্দেশ উপেক্ষা করে বেশ কিছু শিক্ষার্থী মধ্যরাতেই রাস্তায় নেমে এসেছে। হল ছেড়ে বাইরে বিক্ষোভ করছেন ছাত্রীরাও। নির্যাতন বন্ধ না হলে রোকেয়া হলের শিক্ষার্থীরা সবাই হল থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয়, হল প্রশাসন ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আহত মোর্শেদা আক্তার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যান। সেখান থেকে তিনি তাঁর আত্মীয়ের বাসায় চলে যান। সে সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি তিনি।

এ দিকে নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে সাধারণ ছাত্রীরা রুম থেকে বেরিয়ে মূল ফটকের সামনে অবস্থান নেন। সে সময় তাঁদের অভিযুক্ত ছাত্রলীগ সভাপতির বহিষ্কার দাবি করে স্লোগান দিতে শোনা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রী নির্যাতনের খবর ও ছবি ছড়িয়ে পড়লে রাত দেড়টা থেকে দুইটার মধ্যে বিভিন্ন হল থেকে প্রায় হাজার খানেক ছাত্র সুফিয়া কামাল হলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অনেকে দাবি করেন, মল চত্বরের সামনে ছাত্রলীগ নেতারা তাঁদের এখানে আসতে বাধা দিয়েছেন। পরে রাত ৪টার দিকে অভিযুক্ত ছাত্রীর বহিষ্কারের খবর পেয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

এএস