রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় সাধারণ ছুটির আগেই ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ । আগামী ৩০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
গতকাল সোমবার ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি নোটিশে জানানো হয় পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত দীর্ঘ ৩২ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
তবে প্রশাসনিক কার্যক্রম চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত চলবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে বলে জানানো হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত ক্লাস,পরীক্ষা হওয়ার কথা থাকলেও এ ছুটি তার পূর্বেই ঘোষণা দেয়া হয় বলে জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শনিবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে এনা পরিবহনের হেল্পারের ধাক্কায় প্রথম বর্ষের ছাত্র শাহিনুল আলম গুরুতর আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে বিক্ষোভ মিছিল করে।
এসময় তারা দোষী বাস হেল্পার এবং পরিবহন কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও প্রথম গেইটে গতিরোধক স্থাপনের দাবি জানায়। বিক্ষোভের এক পর্যায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর লাঠিচার্য, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
এঘটনায় রাজ, আসিফ, সাইদ, ফয়সালসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়। তারা রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





